ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের জমা দেওয়া ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ১২টি বৈধ ঘোষণা করা হয়েছে। তবে প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্রের বাছাই স্থগিত রাখা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান এ সিদ্ধান্ত জানান।
জানা যায়, মনিরা শারমিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য উল্লেখ করলেও, তিনি কবে এবং কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন তার বিস্তারিত তথ্য দেননি। এ কারণে তার মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা তাকে নির্দেশ দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তথ্য অনুযায়ী, মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে চাকরিতে যোগ দেন এবং ২০২৫ সালে রাজনীতিতে যুক্ত হয়ে পদত্যাগ করেন।
গণপ্রতিনিধি আদেশ অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের তিন বছর সময় পার না হলে সংসদ সদস্য পদে নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
এক্ষেত্রে জামায়াত জোটের ১৩ জনের মধ্যে মনিরা শারমিনের মনোনয়নপত্র বৈধ হওয়ার সুযোগ নেই।
পড়ুন: এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ২ জুলাই
আর/


