সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জেমসের একটি ভিডিও, যেখানে তিনি তার ছোট পুত্র জিবরান আনামকে ড্রামসের খুঁটিনাটি শেখাচ্ছেন। ভিডিওটিতে দেখা যায়, পরম মমতায় জিবরানকে ড্রাম স্টিক ধরা শেখাচ্ছেন বাবা জেমস। গুরুর এমন ঘরোয়া আর স্নেহমাখা রূপ দেখে উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা।
ভিডিওটি প্র্যাকটিস প্যাডে ধারণ করা হয়েছে বলে জানা গেছে। সেখানে নগরবাউল জেমস ছেলেকে ড্রাম স্টিক ধরার সঠিক পদ্ধতি ও ড্রাম বাজানোর মৌলিক কৌশল দেখাচ্ছেন। আগ্রহ নিয়ে বাবার শেখানো বিষয়গুলো অনুসরণ করছে ছোট্ট জিবরানও। ড্রামসকে যেন খেলনার মতোই উপভোগ করতে দেখা যায় তাকে।
ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করছেন, “এ যেন রক্তের টান”, কেউ লিখেছেন, “রকের উত্তরাধিকার যেন আগেই তৈরি হয়ে গেছে।” আবার কেউ কেউ বলেছেন, “রকস্টারের ছেলে বলেই ড্রামস তার কাছে খেলনার মতো।”
উল্লেখ্য, গত বছরের ২২ অক্টোবর গণমাধ্যমে বিয়ে ও বাবা হওয়ার খবর প্রকাশ করেন জেমস। সে সময় তিনি জানান, বাবা হওয়ার অনুভূতি তার কাছে অসাধারণ এবং সুস্থ সন্তান পাওয়ায় তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ।
২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। বিয়ের পর নামের সঙ্গে আনাম নাম যুক্ত করেছেন নামিয়া। ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান জিবরান আনাম।
পড়ুন : মৌসুমী-জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মুক্তি ঘিরে জটিলতা, যা বললেন মৌসুমী


