টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় পুড়ে শেষ হয়েছে কৃষকের স্বপ্ন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ ধানক্ষেতে দেখা দিয়েছে পোড়া দাগ, শুকিয়ে যাচ্ছে সবুজ ধানের শীষ। এতে করে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, আশপাশের একাধিক ইটভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও ছাই বাতাসে ভেসে এসে ফসলের ওপর পড়ছে। ফলে ধানের গাছ পুড়ে যাচ্ছে, অনেক ক্ষেতেই ফলন শূন্যের কোঠায় নেমে আসছে।
বহুরিয়া ও ভাওড়া ইউনিয়নের কৃষকরা জানান, “আমরা সার, বীজ, সেচ—সব খরচ করে ধান লাগাই। কিন্তু ইটভাটার ধোঁয়ায় সব শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা দিশেহারা।”
এ বিষয়ে মির্জাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা খাতুন বলেন,
“ইটভাটার ধোঁয়ায় সালফার ডাই-অক্সাইডসহ বিভিন্ন ক্ষতিকর গ্যাস থাকে, যা ফসলের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব গ্যাস ধানের পাতা পুড়িয়ে দেয় এবং গাছের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে।”
তিনি আরও বলেন,কৃষি বিভাগের পক্ষ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হবে। কৃষকদের ক্ষতি কমাতে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হচ্ছে।
এদিকে পরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহল বলছে, আবাসিক ও কৃষি জমির কাছাকাছি ইটভাটা স্থাপন এবং পরিবেশ আইন না মানার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। অন্যথায় তাদের জীবিকা পুরোপুরি হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।
পড়ুন- যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে : ইরানের প্রেসিডেন্ট


