হলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী সোফি টার্নার ও ‘কোল্ডপ্লে’র ফ্রন্টম্যান ক্রিস মার্টিন। তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশিত হতেই ভক্তরা এখন কৌতূহলী হয়ে উঠেছেন।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে এই দুই তারকাকে একসঙ্গে গোপনে সাক্ষাৎ করতে দেখা গেছে। তবে তাদের ঘনিষ্ঠতার সূত্রপাত অনেক আগের। ২০২০ সালে সোফির জন্মদিনে তার তৎকালীন স্বামী জো জোনাস তাকে চমকে দিতে ক্রিস মার্টিনের একটি ভিডিও বার্তা উপহার দিয়েছিলেন। সেই ভিডিওতে কোল্ডপ্লে গায়ক বলেন, ‘আমি ক্রিস, কোল্ডপ্লে থেকে। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, তোমার দিনটি দারুণ কাটুক।’ এরপর সোফির দিকে একটি চুমু ছুড়ে দেন তিনি। আবেগে আপ্লুত সোফি তখন বলেন, ‘আমি কিন্তু ক্যামেরার সামনে কাঁদব না।’
সময়ের পরিক্রমায় সম্পর্কের সমীকরণ বদলে গেছে। প্রায় আট বছর একসঙ্গে থাকার পর ক্রিস মার্টিন ও অভিনেত্রী ডাকোটা জনসনের বিচ্ছেদ ঘটে চলতি বছরের জুনে।অন্যদিকে, সোফি টার্নার ২০২৩ সালে জো জোনাসের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। বিচ্ছেদের পর তিনি ব্রিটিশ অভিজাত পেরেগ্রিন পিয়ারসনের সঙ্গে সম্পর্কে জড়ান, যদিও সেটিও সেপ্টেম্বরের শেষ দিকে ভেঙে যায়। আর তার ঠিক পরের সপ্তাহেই ক্রিস মার্টিনের সঙ্গে সোফির সেই আলোচিত সাক্ষাৎ ঘটে।
যদিও এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করেননি। কিন্ত ২৯ বছর বয়সী সোফি ও ৪৮ বছর বয়সী ক্রিসের প্রেম নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।


