সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘কামাল অউর মীনা’ সিনেমায় মীনা কুমারী হতে যাচ্ছেন কিয়ারা আদভানি। কে হবেন পর্দার ট্র্যাজেডি কুইন?মীনা কুমারীর বায়োপিক নিয়ে বলিউডে পাড়ায় চলছে শোরগোল, শোনা যাচ্ছিল কয়েকজন অভিনেত্রীর নাম। কখনো কৃতি শ্যানন, কখনো কিয়ারা আদভানি, আবার তৃপ্তি দিমরির নামও শোনা গিয়েছিল। অবশেষে চূড়ান্ত হলো সিদ্ধান্ত।
মীনা কুমারীর বায়োপিক তৈরির অনুমতি মিলেছে তাঁর পরিবারের পক্ষ থেকে। ‘পাকিজা’খ্যাত পরিচালক কামাল আমরোহিকে বিয়ে করেছিলেন মীনা। সিনেমায় কাজ করতে গিয়েই পরস্পরের কাছাকাছি আসেন তাঁরা। গোপনে বিয়ে করেন।
তবে সম্পর্কটি শেষ পর্যন্ত সুখের হয়নি। বায়পিকটির মূল বিষয় কামাল ও মীনা কুমারীর বেদনাবিধুর সম্পর্ক । জানা গেছে, আমরোহি পরিবারই উদ্যোগ নিয়ে সিনেমাটি তৈরি করছে।
নির্মাতাদের দাবি, বলিউডের ইতিহাসে অন্যতম বড় আয়োজনের বায়োপিক হতে চলেছে এটি। নির্মাতারা মনে করছেন, মীনা কুমারীর চরিত্রটির জন্য যে আবেগ, গভীরতা আর আভিজাত্যপূর্ণ রূপ দরকার, তা রয়েছে কিয়ারার মধ্যে।
কামাল অউর মীনা হতে চলেছে কিয়ারা অভিনীত প্রথম বায়োপিক। মা হওয়ার পর এ প্রজেক্ট দিয়েই ক্যামেরার সামনে ফিরবেন তিনি।


