চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক পাকা ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দহুদা গ্রামের আইড়মারি বিলমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গোবিন্দহুদা গ্রামের মৃত মওলা বক্সের ছেলে মাসুম বিল্লাহ ওরফে মন্টুর সঙ্গে একই গ্রামের মৃত. বরকত আলি মন্ডলের ছেলে নুরুল হকের (জজ কোর্টের সাবেক পেশকার) দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে প্রায় সাত মাস আগে নুরুল হক গংএর হাতে মন্টুর চাচাতো জয়নুর (৫০) নিহত হন এবং খাজা আহমেদ (৫৫) ও জাহির (৪৫) নামে দুইজন গুরুতর আহত হয়ে বর্তমানে পঙ্গুগুত্ব বরণ করছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী মাসুম বিল্লাহ মন্টু দাবি করেন, তিনি ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে গত দুই বছর ধরে চাষাবাদ করে আসছেন। শনিবার (২৫ এপ্রিল) সকালে তিনি খবর পান, নুরুল হক ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার প্রায় দুই বিঘা জমির পাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন। পূর্বের ঘটনার কারণে নিরাপত্তাহীনতায় তিনি ঘটনাস্থলে যেতে পারেননি।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে সহায়তা চেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলেও পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা ধান কেটে নিয়ে চলে যায়। এর আগেও তার আমার জমি থেকে ভুট্টা ও গম কেটে নিয়ে গিয়েছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।
এ বিষয়ে নুরুল হকের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ বলেন বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের জমি বিরোধের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


