বিজ্ঞাপন

দেড়ঘণ্টার ম্যাচ হলো ৫ ঘণ্টায়, জিতলেও চেলসি কোচ বললেন ‘ফুটবল নয়, কৌতুক’

দেড়ঘণ্টার ম্যাচ হলো ৫ ঘণ্টায়, জিতলেও চেলসি কোচ বললেন ‘ফুটবল নয়, কৌতুক’৪–১ ব্যবধানে বড় জয়, তবুও সেভাবে তৃপ্ত নন চেলসি কোচ। অথচ বেনফিকার বিপক্ষে এই জয় ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ আটে তুলে দিয়েছে তাদের। তবে বিরক্তি ধরিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া। যে কারণে যে ম্যাচ দেড়ঘণ্টায় হওয়ার কথা, সেটি পাঁচ ঘণ্টায় শেষ হয়েছে। সে কারণে দল জিতলেও নিজের বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করতে ভোলেননি চেলসি কোচ এনজো মারেসকা। তাই এটিকে ফুটবল নয়, ‘কৌতুক’ হিসেবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় গতকাল দিবাগত রাত ২টায় মুখোমুখি হওয়ার কথা ছিল বেনফিকা ও চেলসির। সে হিসেবে সবমিলিয়ে সেটি শেষ হতো ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে। কিন্তু যুক্তরাষ্ট্রের বেরসিক আবহাওয়া প্রতিকূল রূপ নেয় কোনো ঘোষণা ছাড়াই। যা চলমান বিশ্বকাপজুড়ে অনেকবারই দেখা গেছে। নির্ধারিত সময়ের আর মাত্র ৪ মিনিট বাকি থাকতেই বজ্রপাতসহ প্রবল ঝড় শুরু হয়। সাময়িক বিরতি দেওয়া হলেও, সেই অপেক্ষা শেষ হয় প্রায় দুই ঘণ্টা পর।

আবারও খেলা মাঠে গড়িয়ে শেষ হতে হতে ৪ ঘণ্টা ৩৯ মিনিট হয়েছে। ওই সময়ে শিষ্যরা ৪-১ ব্যবধানে জয় তুলে নিলেও বিশ্বকাপে বারবার বিঘ্ন ঘটানো যুক্তরাষ্ট্রের আবহাওয়ায় মারাত্মক ক্ষুব্ধ চেলসি কোচ। এনজো মারেসকা বলেন, ‘এটি কোনো ম্যাচ হতে পারে না, এটি স্রেফ কৌতুক। এই খেলা আমাদের জন্য নয়। আপনি এত লম্বা সময় ভেতরে অপেক্ষায় থাকতে পারেন না। এভাবে (ক্লাব বিশ্বকাপে) সাত, আট, নয়টি ম্যাচ তারা পরিত্যক্ত ঘোষণা করেছে।’

ম্যাচ বন্ধ রাখার যৌক্তিকতা থাকলেও, এমন আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ আয়োজনের জন্য উপযুক্ত জায়গা নয় বলে মনে করেন মারেসকা। চেলসি কোচ বলেন, ‘নিরাপত্তাজনিত কারণ আমি বুঝতে পারি। ম্যাচ স্থগিত হতেই পারে। তাই বলে সাত-আটটি ম্যাচ? তার মানে, এই প্রতিযোগিতার জন্য এটি উপযুক্ত জায়গা নয়! এই প্রতিযোগিতা দারুণ। ক্লাব বিশ্বকাপ এটি, যেখানে বিশ্বের সেরা ক্লাবগুলো খেলছে। কিন্তু ছয়-সাতটি ম্যাচ স্থগিত হওয়া স্বাভাবিক নয়। একটা বিশ্বকাপে কয়টা ম্যাচ স্থগিত হতে পারে? সম্ভবত একটিও নয়। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কয়টি ম্যাচ স্থগিত হবে? একটিও নয়। তার মানে, এখানে সমস্যা আছে।’

এর আগে ৮৫ মিনিট পর্যন্ত ম্যাচটি ঠিকঠাকই চলছিল। এরপরই নামে বজ্রবৃষ্টি। ওই সময় পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। ৬৪তম মিনিটে তাদের লিড এনে দেন রিস জেমস। দারুণ ফ্রি কিকে তিনি গোলটি করেন। প্রায় দুই ঘণ্টার বিরতির পর ৮৬ মিনিট থেকে খেলা শুরু হওয়ার পর দৃশ্যপট পাল্টে যায়। ৯০ মিনিটের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ানি।

১০ জন নিয়ে প্রথমে হাল না ছাড়ার মনোভাব দেখালেও সেই মনোবল দীর্ঘক্ষণ দেখাতে পারেনি বেনফিকা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তাদের সমতায় ফেরান আনহেল ডি মারিয়া। পেনাল্টি পেয়ে তিনি সফল স্পট-কিক নেন। ১-১ স্কোর নিয়ে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। প্রথম ১৫ মিনিটে গোল করতে পারেনি চেলসি-বেনফিকার কেউই। এরপর পর্তুগিজ ক্লাবের দুর্গ রীতিমতো ধসিয়ে একে একে গোল করেন ক্রিস্টোফার এনকুনকু, পেদ্রো নেতো ও কিয়েরনান ডসবেরি-হল। যা চেলসির বড় জয় এবং বেনফিকার বিদায় নিশ্চিত করে।

পড়ুন: বুমরাহ একা কী করবেন?

দেখুন: ‘অসুস্থ প্রতিযোগিতায় ঐক্য ধরে রাখে যাচ্ছে না’ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন