দেশের আকাশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু। আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজের মধ্যদিয়ে রোজা রাখার প্রস্তুতি শুরু করবেন।
সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ ঘোষণা দেয়া হয়।
ধর্মমন্ত্রী বলেন, ১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসক, ইসলামী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দিয়েছে।
তিনি বলেন, সেই হিসেবে আগামী ২৬ রমজান ১৬ মার্চ সোমবার দিবাগত রাত্রে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সবার নেক আমলগুলো কবুল করুক।
সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সভায় আরও উপস্থিত ছিলেন– ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা।


