সামগ্রিকভাবে দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে আগামী অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলা উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
নতুন বছরে জাতিকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে কৃষক কার্ড দেয়া শুরু হয়েছে। আগামী জুন মাসের মধ্যে সবাইকে হেলথ কার্ডও দেয়া হবে। এছাড়া বর্তমান সরকার জনগণের কল্যাণে কৃষিঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ, টিআর-কাবিখা ও খাল খননসহ নানা ধরনের যুগান্তকারী উদ্যোগ নিয়েছে।’
দেশে হামের প্রাদুর্ভাব রোধে সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হামের প্রাদুর্ভাব রোধে দেশের ৩০টি উপজেলা ও সিটি করপোরেশনগুলোতে হামের ভ্যাকসিন দেয়া হচ্ছে। আগামী ২০ তারিখ থেকে সারাদেশে শিশুদের হামের টিকা ও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।’
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে হামের গতিরোধ করতে আমরা সক্ষম হয়েছি এবং এতে মৃত্যুর হারও কমে গেছে। আশা করছি, আগামী দুই সপ্তাহের ভেতরেই দেশের হাম পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে।’
এর আগে, বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপির নেতারাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। পরে সেখানে দিনব্যাপী আয়োজিত লোকজ মেলার শুভ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। মেলা উদ্বোধন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

