দেশের কল্যাণে সরকার কাজ করলে তাকে সহযোগিতা করা হবে, আর অন্যায়-জুলুম করলে জনগণকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা ছামিউল হক ফারুকী।
বুধবার (১১ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুরের ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি ইসলামপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. ছামিউল হক ফারুকী বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, মানবসেবা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সরকার যদি দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে তবে জামায়াতে ইসলামী সেই সরকারকে সহযোগিতা করবে। কিন্তু অন্যায়-জুলুম করলে জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার আমীর মুহাম্মদ রাশেদুজ্জামান-এর সভাপতিত্বে সেক্রেটারি আবু মুছা-র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা কর্মপরিষদ সদস্য আশেক মাহমুদ শান্ত।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, বায়তুল মাল সম্পাদক আব্দুল্লাহ কাফি, উলামা বিভাগের সভাপতি মাওলানা আতিকুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী মোঃ মনির হোসেন, জামায়াত নেতা অ্যাডভোকেট আলী হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আজিজুর রহমান এবং নবনির্বাচিত সভাপতি জুনায়েদ আল হাবিব জিহাদসহ স্থানীয় নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
পড়ুন- ৮ উইকেটে পাকিস্তানকে হারালো বাংলাদেশ
দেখুন- কৌশলে ধরাশায়ী ট্রাম্প? যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের ’না’!


