সারাদেশেই কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৮ এপ্রিল) রাত ৮টায় প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, দেশের আটটি বিভাগের ওপর দিয়েই ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী। ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে দেশের সবকটি বিভাগ—রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট-এর ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে কোনো কোনো এলাকায় দমকা হাওয়ার গতি এর চেয়েও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
অপরদিকে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় জানানো হয়। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল ৫টা ৩০ মিনিট থেকে রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নদীবন্দরে চলাচলরত নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
পড়ুন : এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা


