জনস্বাস্থ্যের সুরক্ষায় ধূমপান নিষিদ্ধের নতুন নিয়ম কার্যকর করেছে মালদ্বীপ সরকার। শনিবার (১ নভেম্বর) থেকে কার্যকর হওয়া এই নিয়মে বলা হয়েছে—২০০৭ সালের জানুয়ারির পর যারা জন্ম নিয়েছেন, তাদের সবার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এর মধ্য দিয়ে বিশ্বে প্রজন্মভিত্তিক ধূমপান নিষিদ্ধকারী একমাত্র রাষ্ট্রে পরিণত হয়েছে মালদ্বীপ।
শনিবার মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০০৭ সালের জানুয়ারির পর জন্মগ্রহণকারী সবার ওপর ১ নভেম্বর থেকে ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
চলতি বছরের শুরুর দিকে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এই পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্টের নেওয়া এই উদ্যোগ “জনস্বাস্থ্যের সুরক্ষা ও তামাকমুক্ত প্রজন্ম গঠনে সহায়ক হবে।”
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “নতুন বিধান অনুযায়ী ২০০৭ সালের ১ জানুয়ারি বা এর পর জন্মগ্রহণকারী কেউ মালদ্বীপে তামাকজাত পণ্য ক্রয়, ব্যবহার কিংবা তাদের কাছে এসব পণ্য বিক্রি করতে পারবেন না।” এই নিষেধাজ্ঞা সব ধরনের তামাকজাত পণ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। বিক্রেতাদের তামাকজাত পণ্য বিক্রির আগে ক্রেতার বয়স যাচাই করতে হবে।
নতুন নিয়মটি মালদ্বীপ ভ্রমণকারী পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
পড়ুন: ভারতে একাদশীতে মন্দিরে ব্যাপক জমায়েত, পদদলিত হয়ে নিহত ১০
আর/


