বন্ধু নির্বাচনে সবাইকে সচেতন হতে পরামর্শ দিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বন্ধুকে মারধরের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে জিডি তুলে নেয়ায় নিজেকে আবারো নিরাপরাধ বলে দাবি করেন ঢাকা এক্সপ্রেস। এই দুর্ঘটনা পেছনে ফেলে এবার ব্যক্তিগত কাজে মনযোগী হচ্ছেন তাসকিন। জাতীয় দলের নেক্সট মিশন এশিয়া কাপে বাংলাদেশ দলকে নিয়ে বড় প্রত্যাশার কথাও জানান স্পিড স্টার। প্রত্যাশা চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।
দেশের ক্রিকেট পাড়ায় গত দুদিন ধরে একটাই খবর, তাসকিন আহমেদ তার বন্ধুদের মারধর করেছেন। এ ঘটনায় স্পিড স্টারের বিরুদ্ধে থানায় জিডি করেন ভুক্তভোগীরা। পরে, তাসকিন আবার স্ট্যাটাস দিয়ে জানান ঘটনা মিথ্যা, নির্দোষ তিনি। এক কথায়, একেবারে হ-য-ব-র-ল এক অবস্থা। গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম, সরগরম এই ইস্যুতে। বিব্রত বিসিবিও।
পরে পারিবারিকভাবে সমঝোতা হয় দুই পক্ষের। থানায় গিয়ে বুধবার সন্ধ্যায় অভিযোগটি তুলে নেন তাসকিনের বন্ধুরা। আর অভিযোগ থেকে মুক্ত হয়েই তাসকিন উড়াল দেন নিজের ব্যক্তিগত কমিটমেন্টে। ঢাকা থেকে উড়ে যান বগুড়ায়।
তাসকিনকে এক নজর দেখতে তখন উপচে পড়া ভিড় জেলা শহরে। সমর্থকদের সামলাতে হিমশিম খায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা বাহিনীও পারেনি পরিস্থিতি সামাল দিতে। তবে, এত কিছুর মধ্যেও নিজের বিরুদ্ধে কদিন ধরে চলা নানা প্রশ্নের জবাব দেন তাসকিন আহমেদ। আক্ষেপ করেন, বন্ধু নির্বাচনে ভুল করায়।
তাসকিন বলেন, ‘যে বিষয়টা ঘটেছে, সে একটু দুঃখজনক। আমি আসলে কখনোই আশা করিনি। আমার সমর্থকরা এবং আগামী প্রজন্ম একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে বন্ধুত্ব নির্বাচনে কতটা সতর্ক হতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে তারা (বন্ধুরা) সবকিছু তুলে নিয়েছে, আমার ভালো চায় বলে নাকি। তারা যদি আমার ভালোই চাইতো, কোনো সমস্যা হলে পারিবারিকভাবেই কথা বলতো। যেহেতু এখানে আমি দোষী না, এজন্য তারা বেশিদূর যেতেও পারেনি। আমি চাইলে আমার পক্ষ থেকে একটা অ্যাকশন নিতে পারতাম। কিন্তু আমার বাবা সেটা করতে দেননি।’
২২ গজের মানুষ তাসকিন, তাই যতই ভিন্ন কাজে যান না কেন, ক্রিকেট নিয়ে সেখানে আলোচনা হবে এটাই স্বাভাবিক। ঢাকা এক্সপ্রেসও বগুড়ায় কথা বলেছেন এশিয়া কাপ নিয়ে। সমর্থকদের শুনিয়েছেন আশার কথা।
তিনি বলেন, ‘সামনে এশিয়া কাপ আছে। দোয়া করেন, যাতে আমি ভালো করতে পারি আর সুস্থ থাকি। হংকংয়ের সঙ্গেও প্রতিযোগিতা কঠিন হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সবগুলোই এশিয়ার সেরা দল। অবশ্যই সহজ হবে না। কিন্তু মাশাআল্লাহ শেষ দুটো সিরিজে আপানার দেখেছেন আমরা জিতেছি। আমরা ভালো ছন্দে আছি। আশা করছি ভালো কিছু হবে।’
বগুড়ায় হারল্যান স্টোর উদ্বোধন করতে গিয়েছিলেন তাসকিন। এসময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক ইমন এবং অভিনেত্রী কেয়া পায়েল।
পড়ুন : ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় জিডি


