হংকংয়ের বিপক্ষে ড্রয়ের পর বাংলাদেশের দৃষ্টি ছিল ভারত-সিঙ্গাপুর ম্যাচের দিকে। ভারত জিতলে টিকে থাকত মূলপর্বে যাওয়ার আশা। শুরুতে এগিয়েও গিয়েছিল ভারত, কিন্তু শেষ পর্যন্ত সব আশা নিভিয়ে দেয় সিঙ্গাপুর।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে ২-১ গোলের জয়ে ভারতকে হারিয়ে দেয় তারা। ফলে ভারতের সঙ্গে বিদায় ঘণ্টা বেজে গেল বাংলাদেশেরও।
অবশ্য এর আগেই হতাশা ঝরেছে বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীর কণ্ঠে। ম্যাচের পর তিনি বলেন, ‘আমাদের সামনে আবারও কিছু করার মতো ভিত্তি তৈরি হয়েছে, তবে দিন শেষে একটু হতাশা রয়ে গেল।’
চার ম্যাচ শেষে এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভারত। হংকং ও সিঙ্গাপুর ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে, মূলপর্বে যাওয়ার লড়াই এখন তাদের মধ্যেই সীমাবদ্ধ।
এদিকে, কাই তাক স্টেডিয়ামে জয় পেলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। তিনি বলেন, ‘দলটা আবারও দুর্দান্ত খেলেছে, দুই ম্যাচেই। মনে হচ্ছে আমরা আরও বেশি পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম। এই উইন্ডো শেষ করেছি এক পয়েন্ট নিয়ে। তবে পয়েন্টের বাইরে গিয়ে বললে, ম্যাচটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

