রোববার রাতে চার ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগা জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ৪-২ গোলে স্টুটগার্টকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন হ্যারি কেইন-ম্যানুয়েল নয়্যাররা। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে গেছে তারা। এ নিয়ে ৩৫তম বারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়েছে বাভারিয়ান ক্লাবটি।
জার্মান লিগে গত ১৪ মৌসুমে এ নিয়ে ১৩ বার চ্যাম্পিয়ন হলো বায়ার্ন। গত রোববার অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শিরোপা নিশ্চিত হওয়ার পর বুকে কাকাতুয়া অঙ্কিত টি-শার্ট পরে উদযাপন করে ক্লাবটি। দলের মিডফিল্ডার লিওন গোরেস্কা একটি কাকাতুয়ার মূর্তিও নিয়ে আসেন। তাদের এমন উদযাপন দেখে ফুটবলপ্রেমীদের মনে এই কাকাতুয়া নিয়ে রহস্য তৈরি হয়েছে।
জানা গেছে, গত বছর ফ্রাইবুর্গ-লেভারকুজেন ম্যাচটি মিউনিখের একটি রেস্তোরাঁয় বসে দেখছিলেন বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা। ওই ম্যাচ চলাকালে তাদের একজন খেলোয়াড় একটি সাদা কাকাতুয়ার মূর্তি নিয়ে আসে। সেই ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় বায়ার্নের লিগ শিরোপা নিশ্চিত হয়েছিল। তখন এই কাকাতুয়া মূর্তিটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করেন তারা। এই মূর্তি ছিল রেস্তোরাঁর মালিক মাইকেল ক্যাফারের।
তিনি এই মূর্তি বায়ার্ন মিউনিখ দলকে উপহার দেন। খেলোয়াড়রা সেই উপহার নিজেদের সঙ্গে নিয়ে আসেন। কোচ ভিনসেন্ট কোম্পানি ও দলের খেলোয়াড়রা একে ‘লাকি চার্ম’ হিসেবে আন-অফিসিয়াল মাসকট হিসেবে গ্রহণ করেন। শিরোপা উদযাপন ও সংবাদ সম্মেলনেও এটি ব্যবহার করা হয়েছিল। এবারও বুন্দেসলিগা উদযাপন করে তারা কাকাতুয়ার সেই সাদা মূর্তিটিকে নিয়ে।
রোববার শিরোপা উদযাপনে এ ছাড়া আর কোনো আয়োজন ছিল না। কারণটাও পরে জানিয়েছেন কোচ কোম্পানি। ট্রেবল জয়ের পর উদযাপন করতে চান তিনি, ‘মৌসুম এখনও শেষ হয়নি। এখনও অনেক কিছু জেতার আছে। চ্যাম্পিয়ন্স লিগে আমাদের সামনে আছে পিএসজি; টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারা, হয়তো সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তবে এর আগে আমাদের সামনে আছে লেভারকুজেন।’
আগামী বুধবার জার্মান কাপের সেমিতে লেভারকুজেনের মুখোমুখি হবে বায়ার্ন। ২৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগ সেমির প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবেন তারা।
পড়ুন:ক্যান্সার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫
দেখুন:ভেসে উঠেছে ইরানের মি/সা/ই/ল সিটি, আন্তর্জাতিক সব খবর |
ইমি/


