ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুদিন ব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে দলটি। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
এ তালিকায় এবার নতুন মুখ হিসেবে মৌলভীবাজার থেকে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে।
ইংল্যান্ডের লিংকনস ইন থেকে, ব্যারিস্টার-অ্যাট-ল সম্পন্ন করা জহরত আদিব চৌধুরী বর্তমানে মোবাইল অপারেটর বাংলালিংকের ডেপুটি সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘদিন প্রতিষ্ঠানটির চিফ লিগ্যাল অফিসার ও কোম্পানি সেক্রেটারি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি অ্যাসেট-লাইট এবং রেগুলেটরি কমপ্লায়েন্স উদ্যোগসহ বাংলালিংকের বিভিন্ন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন।
মনোনয়ন পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেন, মৌলভীবাজার জেলার মানুষের প্রিয় নেতা, আমার পিতা মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মতো আমিও এ জেলার মানুষের জন্য, তাঁদের সার্বিক উন্নয়নে কাজ করে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন।
পড়ুন : হেলেন জেরিন খান মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে এমপি মনোনীত হওয়ায় আনন্দ মিছিল


