বিএনপি আর আগের বিএনপি নেই, তারা অনেকটা আওয়ামী লীগ হয়ে গেছে। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে যুক্ত হয়ে দেশের চলমান রাজনীতি ও বিএনপির ভূমিকা নিয়ে কথা বলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যেভাবে কর্মকাণ্ড পরিচালনা করেছে, বিএনপিও এখন ঠিক সেই পথে হাঁটছে। আওয়ামী লীগ যা করত, বিএনপি এখন তাই করছে।
বিএনপির বিরুদ্ধে অসাংবিধানিকভাবে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টারও অভিযোগ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, তারা নিজেদের কিংস পার্টি পরিচয়কে পুনরুজ্জীবিত করছে। দলটির বর্তমান লক্ষ্য জনগণের আকাঙ্ক্ষিত সংস্কার নয়, বরং যেকোনো উপায়ে ক্ষমতা ধরে রাখা বা বৃদ্ধি করা।
এনসিপির মুখপাত্র বলেন, তারা (বিএনপি নেতারা) সংসদে দাঁড়িয়ে মিথ্যা বলছে। এমন সব অধ্যাদেশ বাতিল করছে, যা তাদের জবাবদিহিতার আওতায় আনতে পারত। অথচ নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য সহায়ক অধ্যাদেশগুলো বহাল রাখছে।
তিনি বলেন, দেশের মানুষ একটি নতুন ধারার রাজনৈতিক কাঠামো চেয়েছিল। কিন্তু বড় দলগুলোর আওয়ামী লীগসুলভ আচরণ সেই সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার গুঞ্জন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, অনেক এমপি-প্রার্থী ভোটের রাজনীতির জন্য আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছেন। কিন্তু জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আপোস মানে জনগণের সঙ্গে বেঈমানি।
পড়ুন: এনসিপিতে যোগ দিলেন আপ বাংলাদেশসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৭ নেতাকর্মী
আর/


