বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে টিকার স্বল্পতা নিয়ে কথা বলায় একজন স্বাস্থ্য কর্মকর্তাকে ক্লোজ করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এছাড়া, বরখাস্ত করার কথা বলেছেন জেলার সিভিল সার্জনকেও।
শুক্রবার ঢাকার কাছে মুন্সীগঞ্জে গিয়ে হাসপাতালে ‘টিকা সংকটের দায়ে’ সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ও একজন কর্মচারীর বিরুদ্ধে মন্ত্রীর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এই ঘোষণা আলোচনার জন্ম দিয়েছে।
যদিও প্রত্যাহার বা বরখাস্তের চিঠি এখনো পাননি বলে শনিবার জানিয়েছেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন।
বিষয়টি নিয়ে কথা বলতে শনিবার বেশ কয়েকবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
তবে সরকারের এ ধরনের পদক্ষেপ নিয়ে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বিবিসি বাংলাকে বলেছেন, টিকা সরবরাহের দায়িত্ব যাদের, তাদের ব্যর্থতা সিভিল সার্জন বা কর্মকর্তাদের ওপর চাপানোর এই ঘটনা একটি বাজে দৃষ্টান্ত এবং এটি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
মুন্সীগঞ্জের ওই হাসপাতালে জলাতঙ্ক টিকা সংকট নিয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন সেখানে সেবা নিতে আসা ব্যক্তিরাও। যে টিকা বিনামূল্যে পাওয়ার কথা, সেটা টাকা দিয়ে বাইরে থেকে কিনে আনার কথাও জানিয়েছেন তারা।
এদিকে, ‘টিকা সংগ্রহে ব্যর্থতার’ অভিযোগ তুলে মন্ত্রী একজন সিভিল সার্জনকে প্রকাশ্যে প্রত্যাহার বা বরখাস্ত করার কথা বললেও জানা গেছে, জেলাজুড়ে টিকার স্বল্পতার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগেই জেলা পর্যায় থেকে জানানো হয়েছিল।
এরপর পর্যাপ্ত টিকা সরবরাহ না করে বরং স্বাস্থ্য বিভাগ নিজেই কয়েক মাস আগে তাদের জেলা অফিসগুলোকে অন্য মালামাল কেনার টেন্ডারের টাকা থেকে কিছু নিয়ে টিকা কেনার পরামর্শ দিয়েছিল।
সূত্র : বিবিসি
পড়ুন : তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে পাম্পেই হামলার শিকার ইউএনও


