বিজ্ঞাপন

বিশ্বকাপ বাছাইপর্বে নাটকীয়তার শিকার হলো পর্তুগাল


বিশ্বকাপ বাছাইপর্বে আরও একবার নাটকীয়তার শিকার হলো পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে যখন তাদের বিশ্বকাপ টিকিট নিশ্চিত হওয়ার পথে, ঠিক তখনই ম্যাচের যোগ করা সময়ে সব ভেস্তে দিলেন ডমিনিক সোবোসলাই। তার শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে ২-২ গোলে রুখে দিয়েছে হাঙ্গেরি। রেকর্ডের রাতেও রোনালদোকে তাই অপেক্ষা করতে হচ্ছে বিশ্বকাপ টিকিটের জন্য।

লিসবনে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপের এই ম্যাচে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। আটিলা সালাইয়ের গোলে ম্যাচের অষ্টম মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিক পর্তুগাল। লিভারপুল তারকা সোবোসলাইয়ের নেয়া কর্নার থেকে আসা বলে দিয়েগো কস্তাকে পরাস্ত করে হেডে জাল খুঁজে নেন সালাই।

তবে পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো দলকে বেশিক্ষণ পিছিয়ে থাকতে দেননি। ২২তম মিনিটে নেলসন সেমেদোর নিখুঁত ক্রসে সহজ ফিনিশিংয়ে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান তিনি। আর এই গোলের সঙ্গেই ইতিহাস গড়েন রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বে এককভাবে সর্বোচ্চ ৪০ গোল করার রেকর্ড এখন তার দখলে।

বিরতির ঠিক আগ মুহূর্তে, প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোনালদো আবারো জ্বলে ওঠেন। নুনো মেন্দেসের দারুণ ক্রস থেকে গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন পর্তুগিজ তারকা। এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে তার মোট গোল সংখ্যা দাঁড়ালো ১৪৩-এ।

দ্বিতীয়ার্ধে পর্তুগাল তাদের আক্রমণ বজায় রাখলেও রুবেন দিয়াসের শট পোস্টে লেগে ফেরা বা জোয়াও ফেলিক্সের হেড হাঙ্গেরির গোলরক্ষক রুখে দেয়ায় ব্যবধান আর বাড়েনি। অন্যদিকে, হাঙ্গেরি বারবার সমতায় ফেরার চেষ্টা করে। সালাইয়ের একটি হেড ক্রসবারে লেগে ফিরে এলে সে যাত্রায় রক্ষা পায় পর্তুগাল।

ম্যাচ শেষ হওয়ার যখন আর মাত্র কয়েক মিনিট বাকি, পুরো স্টেডিয়াম যখন পর্তুগালের জয়ের অপেক্ষা করছে তখনই আসে সেই অপ্রত্যাশিত মুহূর্ত। যোগ করা সময়ের প্রথম মিনিটে ডানিয়েল লুকাসের নিচু ক্রস থেকে দূরের পোস্টে স্লাইড করে বল জালে জড়িয়ে দেন ডমিনিক সোবোসলাই। ২-২ গোলে সমতা ফেরে ম্যাচে। শেষ বাঁশি বাজার আগে আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় রোনালদোদের।

এই ড্রয়ের ফলে ৪ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রইলো পর্তুগাল। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে হাঙ্গেরি। দিনের অন্য ম্যাচে ১০ জনের আর্মেনিয়াকে ১-০ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তিন নম্বরে উঠে এসেছে আয়ারল‍্যান্ড।

বিজ্ঞাপন

পড়ুন : ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপে ইংল্যান্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন