বিশ্ববাজারে আবারও নিম্নমুখী স্বর্ণের বাজার। মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ফের হামলার কথা জানানোর প্রেক্ষিতে বিনিয়োগকারীদের মূল্যবান এই ধাতুটির ওপর আস্থা কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সোমবার (৪ মে) দুপুর নাগাদ (বাংলাদেশ সময়) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে দশমিক ৯ শতাংশ কমে ৪ হাজার ৫৭২ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ফিউচার মার্কেটেও প্রায় ১ দশমিক ৩ শতাংশ কমেছে স্বর্ণের দর। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ৫৮৩ দশমিক ৭০ ডলারে বিক্রি হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের নতুন করে হামলার কথা জানানোর পর স্বর্ণের দামে ধস নেমেছে। এতে ডলারের মান শক্তিশালী হওয়ার পাশাপাশি মুদ্রাস্ফীতির উদ্বেগ আরও বেড়েছে।
এদিকে বিশ্ববাজারে দর ওঠা-নামার সঙ্গে সমন্বয় করে সবশেষ ৩০ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিন সকালে দাম কমানোর ৯ ঘণ্টার ব্যবধানে আবারও দেশে স্বর্ণের দাম বাড়ানো হয়।
সবশেষ সমন্বয় করা দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
এছাড়া বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পড়বে ৫ হাজার ৪৮২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৩৮৩ টাকা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

