নাগরিক টিভিতে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। অসময়ের অনাকাঙ্ক্ষিত বৃষ্টি ও উঁচু জমির ঢলে কিশোরগঞ্জের ঐতিহাসিক পানান বিলের কয়েকশ হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় যখন কৃষকের চোখে জল, ঠিক তখনই তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম
গত কয়েকদিনের টানা বর্ষণে পানান বিলের নিচু এলাকার বোরো ধান পুরোপুরি তলিয়ে যায়। সোনালী স্বপ্ন চোখের সামনে ভেসে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েন হাজারো কৃষক। নাগরিক টিভিতে এই মানবিক বিপর্যয়ের খবর গুরুত্বের সাথে প্রচারিত হওয়ার পর বিষয়টি উচ্চমহলের নজরে আসে।
আজ ১৯ এপ্রিল পানান বিল এলাকায় সরেজমিনে পরিদর্শনে যান সংসদ সদস্য। তিনি নৌকায় করে বিলের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং সরাসরি কৃষকদের সাথে কথা বলেন। এ সময় কৃষকরা তাদের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য বলেন, কৃষকের এই ক্ষতি অপূরণীয়। নাগরিক টিভির নিউজের মাধ্যমে আমি বিস্তারিত জানতে পেরেছি। আমি আজ এখানে এসেছি আপনাদের আশ্বস্ত করতে যে, সরকার আপনাদের পাশে আছে। আমরা দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা করছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কৃষকরা জানান, পানান বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা নাজুক হওয়ায় সামান্য বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতা তৈরি হয়। তারা স্থায়ী সমাধানের জন্য একটি ভরাট হওয়া খাল খননের ব্যবস্থা দাবি জানান। তিনি কৃষি কর্মকর্তাদের দ্রুত মাঠ পর্যায়ে গিয়ে ক্ষয়ক্ষতির সঠিক তালিকা তৈরির নির্দেশ দেন। বিলের পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।
বোরো ধান কৃষকের সারা বছরের খোরাক। সেই ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় পানান বিল পাড়ের মানুষের মাঝে এখন হাহাকার। তবে জনপ্রতিনিধির দ্রুত সাড়া এবং মাঠ পর্যায়ে উপস্থিতিতে কৃষকরা কিছুটা আশার আলো দেখছেন। এখন দেখার বিষয়, সরকারি সহায়তা কত দ্রুত এই প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছায়।
পড়ুন: সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ
আর/


