মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলী বাজারে অবৈধভাবে পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে হিজুলী বাজারে অবস্থিত ‘রিশাদ এন্টারপ্রাইজ’-এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযুক্ত প্রতিষ্ঠান ‘রিশাদ এন্টারপ্রাইজ’-এর মালিক মো. আরিফুর রহমান (আরিফ) দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বিক্রি করে আসছিলেন বলে জানা যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধারকৃত পেট্রোল সরকারি দামে বিক্রি করা হবে।
অভিযানকালে জেলা ক্যাব ও র্যাবের একটি দল সহযোগিতা করে।
পড়ুন- ‘সারা দেশে প্রাথমিক শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে’


