বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে অনুষ্ঠিত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তর বৈশাখী মেলা। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ভৈরবের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
মঙ্গলবার সকালে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। শোভাযাত্রায় শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঐতিহ্যবাহী সাজে অংশ নেন।
শোভাযাত্রা শেষে মেঘনা নদীর তীরে ত্রি-সেতু সংলগ্ন মেলা প্রাঙ্গণে শুরু হয় দিনব্যাপী বৈশাখী আয়োজন। লোকজ সংস্কৃতির নানা উপস্থাপনা, গ্রামীণ পণ্যের প্রদর্শনী, ঐতিহ্যবাহী খাবার ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন, “ভৈরবে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান অত্যন্ত প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী। আমি আশা করি, আমাদের সরকারের আমলেই ভৈরবে একটি সুন্দর পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেলায় ভৈরবসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ, যা নববর্ষ বরণের আনন্দকে আরও বর্ণিল করে তোলে।


