উৎসবের আমেজ আর রাজনীতির মাঠের উত্তাপ— দুইয়ে মিলে দেশ এখন নির্বাচনী জ্বরে কাঁপছে। কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীরা যখন ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত, তখন নির্বাচন কমিশনের (ইসি) এক তথ্যে শুরু হয়েছে আলোচনা।
কমিশনের প্রকাশিত সর্বশেষ আসনভিত্তিক তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক ভোটার। তবে ভোটারদের এই সংখ্যার বিচারে জেলাগুলোর মধ্যে দেখা গেছে বিশাল ব্যবধান।
ইসির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ভোটারদের সংখ্যার দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে শিল্পনগরী গাজীপুর, যেখানে ভোটারের ঘনত্ব যেকোনো আসনের তুলনায় সবচেয়ে বেশি। অন্যদিকে, ভোটার উপস্থিতির হিসেবে তালিকার একেবারে তলানিতে রয়েছে সুগন্ধা নদীর তীরের জেলা ঝালকাঠি।
সম্প্রতি নির্বাচন কমিশন এবারের নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করেছে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো ভোটার সংখ্যা পৌনে ১৩ কোটিতে পৌঁছেছে। সারাদেশের ভোটের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা ও গাজীপুরেই ভোটার সংখ্যা তুলনামূলক বেশি।
আসনভিত্তিক ভোটারের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, সারাদেশে ৩০০ সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। এই আসনে মোট ভোটার রয়েছে আট লাখ চার হাজার ৩৩৩ জন। এর মধ্যে চার লাখ ৪০২ জন পুরুষ এবং চার লাখ তিন হাজার ৯১৮ জন ভোটার নারী। আর হিজড়া ভোটার রয়েছেন ১৩ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ভোটার রয়েছে, সাভার-আশুলিয়া অঞ্চল নিয়ে গঠিত ঢাকা-১৯ আসনে। এই আসনের ভোটার সংখ্যা সাত লাখ ৪৭ হাজার ৭০ জন। এই আসনে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা বেশি।
ঢাকা-১৯ আসনে তিন লাখ ৭৯ হাজার ৯০৬ জন পুরুষ ভোটারের বিপরীতে নারী ভোটার রয়েছেন তিন লাখ ৬৭ হাজার। এই আসনেও হিজড়া ভোটার রয়েছেন ১৩ জন। তৃতীয় সর্বোচ্চ ভোটার গাজীপুর-১ আসনে, সাত লাখ ২০ হাজার ৯৩৯ জন ভোটার। এর মধ্যে তিন লাখ ৬০ হাজার ২৩৪ জন পুরুষ, তিন লাখ ৬০ হাজার ৬৯৩ জন নারী এবং ১২ জন রয়েছেন হিজড়া ভোটার।
ঢাকা-গাজীপুর অঞ্চলে ভোটার সংখ্যা বেশি হলেও এর বিপরীতে কম ভোটার দক্ষিণের জেলা ঝালকাঠিতে। নির্বাচন কমিশন সরবারহকৃত ভোটার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে ভোটার রয়েছেন দুই লাখ ২৮ হাজার ৪৩১ জন।
কম ভোটারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর-৬ আসন। এই আসনে পুরুষ ভোটার এক লাখ ১৫ হাজার, নারী ভোটার এক লাখ ১৩ হাজার আর হিজড়া ভোটার দুইজন।
ভোটার সংখ্যা কমের দিক থেকে পিরোজপুর-৩ আসনের অবস্থান তিন নম্বরে। এই আসনে ভোটার আছেন দুই লাখ ৪১ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২২ হাজার, নারী ভোটার এক লাখ ১৯ হাজার এবং হিজড়া ভোটার একজন। বিভাগীয় শহর খুলনা-৩ আসনেও ভোটার সংখ্যা তুলনামূলক কম। এই আসনে মোট ভোটার দুই লাখ ৫৪ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২৭ হাজার, নারী ভোটার এক লাখ ২৬ হাজার, আর হিজড়া ভোটার আটজন।
পঞ্চম অবস্থানে চট্টগ্রাম-৩ আসন। এই আসনে মোট দুই লাখ ৬০ হাজার ভোটারের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৪ হাজার, নারী ভোটার এক লাখ ২৫ হাজার আর হিজড়া ভোটার দুই জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি আসনের ভোটার সংখ্যা অনুযায়ী ব্যালট পেপার মুদ্রণ এবং ভোটকেন্দ্র স্থাপনের প্রাথমিক কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। যেহেতু ভোটারদের এবার দুটি ভিন্ন বিষয়ে ভোট দিতে হবে, তাই ভোট গ্রহণ ও গণনায় বাড়তি সতর্কতা এবং অতিরিক্ত সময়ের প্রয়োজন হতে পারে। সূত্র- বিবিসি বাংলা
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

