মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মেলকাই এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ইমরান ট্রেভেলস পরিবহন ও বরিশাল থেকে ঢাকাগামী বিআরটিসি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাস দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।এতে ঘটনা স্হানে দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোকন জমাদ্দার বলেন,দুইটি যাত্রীবাহী বাস মুখামুখি সংঘর্ষে ঘটনা স্থানের দুইজন নিহত হয়েছে।নিহতদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য জেলা হসপিটালসহ বিভিন্ন ক্লিনিকে ভোট পাঠানো হয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
পড়ুন- সংস্কার-নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাহিদ ইসলাম


