চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষে মো. শফিউল আলম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল আনুমানিক ৩টার দিকে খৈইয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিন বিকেলে নিহত শফিউল আলমের ভাতিজা, প্রতিবন্ধী ফকির আহমদকে মারধর করে গুরুতর আহত করে একই এলাকার রিক্কু, রিফন ও রিজভী। এ ঘটনার প্রতিবাদ ও সমাধানের লক্ষ্যে শুক্রবার এলাকাবাসী সালিশ বৈঠকের আয়োজন করে।
বৈঠক চলাকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে শফিউল আলমের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত তিনজনই পলাতক রয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, মিরসরাইয়ে সালিশ বৈঠককে কেন্দ্র করে সহিংসতার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও একই উপজেলায় সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল। বারবার এ ধরনের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

