মেহেরপুরের গাংনীতে হেযবুত তওহীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, বিশ্বজুড়ে দুর্বলের ওপর সবলের অত্যাচার, দরিদ্রের ওপর ধনীর বঞ্চনা এবং শাসকের জুলুম বাড়ছে। তার ভাষ্য, পৃথিবী আজ এক নরককুণ্ডে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, সাম্রাজ্যবাদী আগ্রাসন ও মুসলিম নিধনের ঘটনায় আন্তর্জাতিক সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, দেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। হত্যা ও ধর্ষণের ঘটনার সংখ্যা বাড়ছে এবং বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে বিপুল সংখ্যক মামলা ঝুলে আছে। ফলে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সামাজিক অস্থিরতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গুজব ও অপতথ্যের বিস্তার বর্তমানে একটি বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে সহিংসতা উসকে দেওয়া হচ্ছে, যা জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।
তিনি প্রচলিত রাষ্ট্রব্যবস্থা ও মতাদর্শের সমালোচনা করে বলেন, স্বাধীনতার পর একাধিকবার সংবিধান সংশোধন হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। তার দাবি, বিদ্যমান রাজনৈতিক, বিচারিক ও অর্থনৈতিক কাঠামো মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি আল্লাহর বিধানভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।
মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ ও আঞ্চলিক সভাপতি জসেব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামসুজ্জামান মিলন। আয়োজকদের দাবি, প্রায় পাঁচ হাজারের বেশি নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বড় সমাবেশে পরিণত হয়।
পড়ুন : মেঘালয়ের পাহাড়ি ঢলে ভাসল সোমেশ্বরীর অস্থায়ী সেতু, ঝুঁকিতে পারাপার


