যশোরে প্রায় ২ কোটি টাকা মূল্যের গোল্ডপেস্ট ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আজ বুধবার বিকাল সাড়ে পাচটায় যশোর ৪৯ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবির অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এতথ্য জানান
আটক ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) ভারতের মুম্বাইয়ের বাসিন্দা।
বিজিবি অধিনায়ক জানান, তার কাছ থেকে উদ্ধার করা হয় গোল্ড পেস্ট আকারে ৯০০ গ্রাম স্বর্ণ, যা পরীক্ষায় খাঁটি বলে নিশ্চিত হয়েছে। এছাড়া তার কাছে পাওয়া গেছে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকা।
উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার মোট মূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারত, মধ্যপ্রাচ্য ও মিশর হয়ে নিয়মিত যাতায়াত করতেন এবং দুবাই থেকে ঢাকা হয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল।
জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা সরকারি ট্রেজারিতে জমার প্রক্রিয়া চলছে।


