রংপুর মহানগরীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে দুই ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল) রাত ১টা থেকে ৩টা পর্যন্ত র্যাব-১৩ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়। অভিযানে মজুতকৃত ৬৩০ লিটার ডিজেলও জব্দ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন ,রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন পূর্বজলকরিয়া এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে মো. হানিফ মিয়া এবং মৃত লোকমানের ছেলে মো. শাহিন মিয়া।
র্যাব-১৩ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর সদর কোম্পানি এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাজীরহাট থানার পূর্বজলকরিয়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, অভিযুক্তরা পেট্রোলিয়াম আইন ২০১৬ লঙ্ঘন করে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুত করে রেখেছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনের ২০(খ)/৪/৫ ধারায় তাদের প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও উল্লেখ করেন, অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রয় এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে র্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


