রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া তারাবাগ এলাকায় একটি বাসা থেকে পাঁচ বছরের শিশু ও তার মায়ের লাশ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ। প্রতিবেশীদের ধারণা ছেলে মাহিম কে হত্যার পর আত্মহত্যা করেছেন মা নার্গিস।
শুক্রবার সন্ধ্যায় খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল আনুমানিক চারটার দিকে খবর পেয়ে পুলিশ তিলপাপাড়ার ওই বাসায় গিয়ে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে। প্রতিবেশীদের ভাষ্যমতে সিএনজিচালক স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে মা প্রথমে তার শিশু সন্তানকে হত্যা করেন। পরে নিজে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে এখনো থানায় কোন মামলা হয়নি তবে মামলার প্রক্রিয়া চলছে।
পড়ুন : যাত্রাবাড়ীতে অর্ধগলিত লাশ উদ্ধার: হত্যা মামলায় ৪ জন গ্রেফতার


