যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় ব্রেকথ্রু আসতে পারে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির সরকারি সূত্র শুক্রবার (২৪ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, আজ রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন।
এর আগে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেন আরাগচি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষ আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-ইরানের কূটনৈতিক তৎপরতা নিয়ে আলোচনা করেছেন।
ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, পাক সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন আব্বাস আরাগচি।
এর আগে এ সপ্তাহের শুরুতে ইসলামাবাদে অবতরণ করে মার্কিনিদের অন্তত ৯টি বিমান। এসব বিমানে করে আনা হয়েছে যোগাযোগের যন্ত্রাংশ, বুলেটপ্রুফ গাড়ি, নিরাপত্তাকর্মী এবং কিছু টেকনিক্যাল সদস্য।
গত সপ্তাহে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু ইরানি প্রতিনিধিরা এতে যোগ দিতে অসম্মতি জানালে, নির্ধারিত সময়ে আর আলোচনা হয়নি।
ইরান শর্ত দিচ্ছে যুক্তরাষ্ট্র যদি তাদের সঙ্গে আলোচনা করতে চায় তাহলে আগে নৌ-অবরোধ তুলতে হবে। এরপর তারা তাদের প্রতিনিধিদের ইসলামাবাদে পাঠাবে।
সূত্র: আল জাজিরা
পড়ুন : ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার


