লালমনিরহাটের কালীগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৩) এক ঝটিকা অভিযানে ২০ বোতল নিষিদ্ধ মাদক এসকাফসহ স্থানীয় সংসদ সদস্যের ভাতিজা ও তাঁর এক সহযোগীকে গ্রেফতার করেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে তাঁদের কালীগঞ্জ থানার মাধ্যমে আদালতের পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন,লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের এমপি রোকন উদ্দিন বাবুলের ভাতিজা ইলিয়াছ হোসেন ওরফে লিটন (৪৮) এবং লিটনের সহযোগী আমিনুর রহমান (৪০)। লিটন এমপির আপন বড়ভাই আলহাজ মফিজ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার, র্যাব-১৩ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এ সময় ইলিয়াছ হোসেন ওরফে লিটনের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তাঁর বাড়ির গোয়ালঘর থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় ২০ বোতল নিষিদ্ধ এসকাফ জব্দ করা হয়। একই সঙ্গে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে লিটন ও তাঁর সহযোগী আমিনুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ আসামিদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।
এ বিষয়ে র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার দুপুরে ওই মামলায় পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন,দুইজন আসামি র্যাব মাদকসহ আমাদের দিয়েছেন আমরা তাদের আদালতে প্রেরণ করেছি। তবে সেখানে কে এমপি-র ভাতিজা আছে কি না, এ বিষয়ে আমরা খোঁজ নেইনি।


