মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। এ দাবিতে আজ রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতেও তারা অবস্থান করবেন কেন্দ্রীয় শহীদ মিনারে।
এছাড়া আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করবেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আজ (রোববার) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, রাতে শহীদ মিনারে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল থেকে কর্মবিরতি শুরু হবে।
তিনি আরও বলেন, রাতে আমাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে নতুন কোনো সিদ্ধান্ত হলে, কিংবা সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার নির্দিষ্ট ঘোষণা এলে বিষয়টি বিবেচনা করা হবে।
মুচলেকায় মুক্ত ৬ শিক্ষক
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আটক ছয়জন শিক্ষককে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। রাত সোয়া ৭টার দিকে তাদের জাতীয়করণপ্রত্যাশী জোটের আহ্বায়ক ও সদস্য-সচিবের তত্ত্বাবধানে মুক্তি দেওয়া হয়।
ছাড়া পাওয়া শিক্ষকরা হলেন— আনোয়ার হোসেন (নাগপুর, টাঙ্গাইল), আজাদ হোসেন মিরাজ (লক্ষ্মীপুর সদর), ইউসুফ আলী (পাবনা সদর), রেজাউল করিম (মুলাদী, বরিশাল), নেওয়াজ মোরশেদ (চাঁদপুর সদর), মামুন মিজি (যাত্রাবাড়ী, ঢাকা)।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

