আগামী ১০ মে স্প্যানিশ লিগে মৌসুমের দ্বিতীয় ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচটির উত্তেজনা শুধু চিরপ্রতিদ্বন্দ্বিতাতেই সীমাবদ্ধ নয়—এবার এটি জড়িয়ে গেছে শিরোপা নির্ধারণের সম্ভাব্য এক ঐতিহাসিক মুহূর্তের সঙ্গেও।
লিগে এখন শেষের পথে দুই দলই। বাকি আছে মাত্র পাঁচটি করে ম্যাচ। ৩৩ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৮৫ পয়েন্ট, আর রিয়াল মাদ্রিদের ৭৪। পয়েন্টের ব্যবধান ১১—যা শিরোপা লড়াইকে কার্যত একপেশে করে দিয়েছে। আলবারো আরবেলোয়ার রিয়াল মাদ্রিদ সর্বশেষ চার ম্যাচের তিনটিতে পয়েন্ট হারিয়ে অনেকটাই ছিটকে গেছে প্রতিযোগিতা থেকে। তাই এখন প্রশ্নটা আর “যদি” বা “কিন্তু”তে আটকে নেই—প্রশ্ন একটাই, কবে শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা?
সমীকরণ খুবই সহজ। রিয়াল মাদ্রিদ যদি বাকি সব ম্যাচ জিতেও, তাদের সর্বোচ্চ পয়েন্ট দাঁড়াবে ৮৯। ফলে শীর্ষে থাকা বার্সেলোনার দরকার মাত্র ৫ পয়েন্ট। পরিসংখ্যান বিশ্লেষণকারী অপটার সুপারকম্পিউটারও বার্সার শিরোপা জয়ের সম্ভাবনা দেখাচ্ছে প্রায় ৯৯.৫ শতাংশ।
বাংলাদেশ সময় আজ রাত একটায় ওসাসুনার মুখোমুখি হবে হান্সি ফ্লিকের দল বার্সেলোনা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ খেলবে এসপানিওলের মাঠে। যদি বার্সা আজ জিতে এবং রিয়াল পরের ম্যাচে পয়েন্ট হারায়, তবে এল ক্লাসিকোর জন্য অপেক্ষা না করেই বার্সেলোনা ২৯তম বারের মতো শিরোপা নিশ্চিত করে ফেলতে পারে।
তবে যদি রিয়াল ব্যবধানটা কিছুটা হলেও ধরে রাখতে পারে, তাহলে ১০ মে’র এল ক্লাসিকো পাবে ভিন্ন এক মাত্রা। বার্সেলোনা সে ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে, আর জিতলে তো কথাই নেই—নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে উদযাপন হবে আরও জাঁকজমকপূর্ণ।
এখানেই তৈরি হচ্ছে সম্ভাব্য এক ইতিহাস। প্রায় একশ বছরের লিগ ইতিহাসে কখনোই কোনো দল এল ক্লাসিকো জিতে শিরোপা নিশ্চিত করেনি। সেই অমলিন পাতায় এবার প্রথম নাম লেখানোর সুযোগ বার্সেলোনার সামনে।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদের সামনে এখন আর শিরোপা জয়ের স্বপ্ন নেই বললেই চলে। তবে নিজেদের চোখের সামনে চিরপ্রতিদ্বন্দ্বীর শিরোপা উদযাপন না দেখতে চাইলে অন্তত লড়াইটা চালিয়ে যেতে হবে। এজন্য এসপানিওল ও বার্সেলোনার বিপক্ষে পরপর দুই ম্যাচ জিততেই হবে তাদের। গত বছরের অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে বার্সাকে হারানোর স্মৃতিটাই হতে পারে তাদের প্রেরণা। সে ম্যাচে গোল করেছিলেন ফরাসী স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ও ইংলিশ জুড বেলিংহাম।
আরেকটি প্রশ্নও ঘুরপাক খাচ্ছে স্পেনের ফুটবল অঙ্গনে। যদি এল ক্লাসিকোর আগেই বার্সেলোনা চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে কি রিয়াল মাদ্রিদ তাদের ‘পাসিও’ বা গার্ড অব অনার দেবে? স্প্যানিশ ফুটবলের ঐতিহ্য অনুযায়ী, শিরোপা নিশ্চিত করা দলকে পরের ম্যাচে প্রতিপক্ষ দুই সারিতে দাঁড়িয়ে সম্মান জানায়। ২০০৮ সালে বার্সেলোনা এই সম্মান দিয়েছিল রিয়ালকে। কিন্তু ২০১৮ সালে তৎকালীন কোচ জিনেদিন জিদান এই প্রথা মানতে অস্বীকৃতি জানিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন।
এবারও শোনা যাচ্ছে, সম্পর্কের অবনতির কারণে—বিশেষ করে নেগ্রেইরা মামলার জেরে—রিয়াল মাদ্রিদ হয়তো সেই সম্মান দেখাবে না।
সব মিলিয়ে, শিরোপার সমীকরণ প্রায় মিটে গেলেও উত্তেজনার শেষ নেই। এখন শুধু সময়ের অপেক্ষা—বার্সেলোনার উৎসব শুরু হয় কবে, আর রিয়াল মাদ্রিদ সেটি কতটা ঠেকাতে পারে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

