বলিউড অভিনেত্রী ও উদ্যোক্তা শিল্পা শেঠিকে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং। স্বামী রাজ কুন্দ্রাকে ঘিরে ৬০ কোটি রুপির একটি প্রতারণা মামলার তদন্তের অংশ হিসেবে এই জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৬ অক্টোবর) বিকেলে শিল্পার মুম্বাইয়ের বাসভবনে গিয়ে তদন্তকারী দল তার জবানবন্দি রেকর্ড করে। জিজ্ঞাসাবাদের সময় তিনি সম্পূর্ণ সহযোগিতা করেন এবং তার বিজ্ঞাপন সংস্থার ব্যাংক হিসাব ও লেনদেন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেন।
এনডিটিভি থেকে জানা যায় তদন্ত চলাকালে শিল্পা শেঠি পুলিশের হাতে কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক দলিল ও চুক্তিপত্র তুলে দেন। এসব নথি এখন যাচাই–বাছাইয়ের পর্যায়ে রয়েছে। তিনি কোম্পানির তহবিল ব্যবস্থাপনায় নিজের ভূমিকা ও লেনদেনের উৎস সম্পর্কেও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। এর আগে গত সেপ্টেম্বরে একই মামলায় রাজ কুন্দ্রার বয়ানও রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। তাকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে বেশ কিছু প্রশ্নের সন্তোষজনক উত্তর না মেলায় তদন্ত দল তাঁকে আবারও ডাকার পরিকল্পনা করছে।
প্রসঙ্গত, ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যবসা সম্প্রসারণের নামে রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির কাছে তিনি ৬০ কোটির বেশি টাকা বিনিয়োগ করেন। কিন্তু সেই অর্থ ব্যবসায় ব্যবহার না করে ব্যক্তিগত খরচে ব্যয় করা হয় বলে দাবি তার।
তদন্তে আরও জানা গেছে, এই অর্থের একটি অংশ সরাসরি অভিনেত্রী বিপাশা বসু, নেহা ধুপিয়াসহ চারজন শিল্পীর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। এছাড়া বালাজি এন্টারটেইনমেন্ট–এর সঙ্গেও কিছু আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। মুম্বাই পুলিশ এখন শিল্পার জমা দেয়া নথি যাচাই করছে এবং লেনদেনের উৎস ও তহবিল ব্যবহারের উদ্দেশ্য নির্ধারণে বিশ্লেষণ শুরু করেছে। রাজ কুন্দ্রাকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য শিগগিরই তলব করা হতে পারে।
একজন তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, আমরা এখন মূলত কোম্পানির তহবিল কোথায় এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, সেটি খুঁজে বের করার কাজ করছি। প্রমাণ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। উল্লেখ্য, এই মামলায় এখনো কোনও গ্রেপ্তার হয়নি। শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দুজনেই নিজেদের নির্দোষ দাবি করেছেন এবং তদন্তে সহযোগিতা করছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

