বিজ্ঞাপন

শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে মিশন শুরু বাংলাদেশের

নারী ফুটবলে স্বপ্নের মতো সময় কাটাচ্ছে বাংলাদেশ। সিনিয়র কিংবা বয়সভিত্তিক; সব জায়গায় দাপট দেখাচ্ছে বাংলার বাঘিনীরা।

শুক্রবার (১১ জুলাই) শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করলো আফঈদা খন্দকারের দল।

ম্যাচে হ্যাটট্রিক করেন মোসাম্মৎ সাগরিকা। জোড়া গোল করেন মুনকি আক্তার। এছাড়া একটি করে গোল পেয়েছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। দ্বিতীয়ার্ধেই বাংলাদেশ করে ছয়টি গোল।

ম্যাচের শুরুতেই চমক দেখান স্বপ্না রানী। শুরুর বাঁশি বাজার মাত্র এক মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে গোল করে এগিয়ে দেন দলকে। এরপর তিন মিনিটের ব্যবধানে মুনকি আক্তারের একক নৈপুণ্যে ব্যবধান হয় ২-০।

৩৭ মিনিটে সিনহা জাহান শিখার বাড়ানো ক্রসে সাগরিকার নিখুঁত শটে দলের তৃতীয় গোল আসে। যদিও প্রথমার্ধে আরও দুটি গোল হলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

বিরতির পর আরও আগ্রাসী হয়ে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪৮ মিনিটে সাগরিকার অ্যাসিস্টে মুনকি তার দ্বিতীয় গোল করেন। এক মিনিট পর শান্তি মার্ডির লম্বা ক্রসে বল জালে পাঠান সিনহা। এরপর ৫২ ও ৫৮ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা।

শেষ দিকে রুপা আক্তার ও শান্তি মার্ডির গোল ব্যবধান ৯-১ করে ফেলে। শ্রীলঙ্কার পক্ষে একমাত্র সান্ত্বনার গোলটি আসে ম্যাচের একেবারে শেষ দিকে লাইয়ানশিকার পা থেকে।

প্রথমে পাঁচটি দেশ নিয়ে টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও ভারতের নাম প্রত্যাহারের কারণে চারটি দল, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান নিয়ে এবারের আসর শুরু হয়েছে। নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন।

আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটানের বিপক্ষে টানা দুটি ম্যাচে মুখোমুখি হবে তারা। ১৯ জুলাই ফের শ্রীলঙ্কার সঙ্গে এবং ২১ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে স্বাগতিক দল। 

বিজ্ঞাপন

পড়ুন : ঋতুপর্ণাদের ৫০ লাখ টাকা পুরস্কার ক্রীড়া উপদেষ্টার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন