আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক হালনাগাদ র্যাংকিংয়ে টি-টোয়েন্টিতে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে টপকে অষ্টম স্থানে উঠে এসেছে টাইগাররা।শুধু ছেলেদের নয়, উন্নতি হয়েছে নারী দলেরও। নারী ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট ৫ বেড়েছে। বর্তমানে ১০ নম্বরে থাকা বাংলাদেশ এখন নবম স্থানে থাকা আয়ারল্যান্ডের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে।
আইসিসির এই নতুন বার্ষিক হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোর ১০০ শতাংশ এবং আগের দুই বছরে খেলা ম্যাচের ৫০ শতাংশ পয়েন্ট বিবেচনায় নেওয়া হয়েছে। ২০২৩ সালের মে মাসের আগে খেলা ম্যাচগুলোর হিসাব এই তালিকা থেকে বাদ পড়েছে।
হালনাগাদের কারণে ছয় রেটিং পয়েন্ট হারিয়ে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ৯ নম্বরে নেমে গেছে শ্রীলঙ্কা। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে ১০ নম্বরে আছে আফগানিস্তান। তবে ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত
নারী টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ ১৬টি অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ২৮৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। আর ১৯৯ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
আইসিসির নিয়ম অনুযায়ী, র্যাংকিংয়ে থাকতে হলে তিন বছরে অন্তত আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হয়। এই শর্ত পূরণ করতে না পারায় পুরুষদের র্যাংকিং থেকে বাদ পড়েছে ফিজি, গাম্বিয়া, গ্রিস ও ইসরায়েল। এতে দলসংখ্যা ১০২ থেকে কমে ৯৮-তে দাঁড়িয়েছে। অন্যদিকে নারী ক্রিকেটে কম্বোডিয়া ও পেরু বাদ পড়ায় বর্তমানে র্যাংকিংয়ে আছে ৭৮টি দেশ।
পড়ুন:হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিত করছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা
দেখুন:লিথিয়াম ছাড়া আমরা অচল কেন
ইমি/


