শ্রীলঙ্কা ক্রিকেটে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। শ্রীলঙ্কা ক্রিকেটে (এসএলসি) বিতর্কিত সভাপতি শাম্মি সিলভা এবং তার নির্বাহী কমিটির সদস্যরা মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশেষ বৈঠকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। খবর এনডিটিভির।
দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে ক্রিকেট বোর্ডে নতুন প্রশাসন গঠনের আহ্বান জানানোর পরই এই সিদ্ধান্ত আসে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠকের পর পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে একটি সূত্র জানিয়েছে। আগামীকাল বুধবার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে পদত্যাগপত্র জমা দেয়ার পর পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি।
গত সপ্তাহে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন শাম্মি সিলভা। এর আগে থেকেই তাকে পদত্যাগের জন্য চাপ দিয়ে আসছিল সরকার। মার্চের শুরু থেকেই খেলোয়াড়দের অভিযোগ এবং জাতীয় দলের খারাপ পারফরম্যান্সের কারণে তাকে অপসারণের চিন্তাভাবনা চলছিল।
সূত্র জানায়, অন্তর্বর্তীকালীনভাবে এসএলসি পরিচালনার জন্য ইতোমধ্যেই নতুন ব্যক্তিদের নাম চূড়ান্ত করেছে সরকার।
২০১৯ সালে সদস্য ক্লাবগুলোর ভোটে প্রথমবার এসএলসি সভাপতি নির্বাচিত হন সিলভা। এরপর ২০২১, ২০২৩ এবং ২০২৫ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন তিনি। ২০২৫ সালে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্বও গ্রহণ করেন।
এই পদত্যাগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে তৎকালীন ক্রীড়ামন্ত্রী তাকে অপসারণ করলে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। পরবর্তীতে আদালতের রায়ে পুনর্বহাল হন শাম্মি সিলভা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

