হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আবারও নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্র একটি ইরানি জাহাজ জব্দ করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যেই এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। খবর ইন্ডিয়া টুডে।
ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা জানায়, যুক্তরাষ্ট্র একটি ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে সেটি জব্দ করার পর ওমান সাগরে অবস্থানরত মার্কিন সামরিক জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরানি বাহিনী।
প্রতিবেদনে বলা হয়, এটি ছিল ওই মার্কিন অভিযানের পাল্টা প্রতিক্রিয়া। তবে হামলায় কতটি ড্রোন ব্যবহার করা হয়েছে বা এতে মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের বন্দর আব্বাসগামী একটি কার্গো জাহাজে গুলি চালিয়ে সেটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ‘তুসকা’ নামের ওই জাহাজটি হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল।
পড়ুন: বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি করপোরেশন
আর/


