বিজ্ঞাপন

সংরক্ষিত আসনের জন্য জামায়াতের যে সাত নেত্রী পেলেন গ্রিন সিগন্যাল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতোমধ্যে মনোনয়নপ্রাপ্ত সাত নেত্রীকে ‘গ্রিন সিগন্যাল’ দিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়সীমার আগেই মনোনয়ন ফরম জমা দেওয়ার পরিকল্পনাও চূড়ান্ত।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের প্রার্থী নির্ধারণে জামায়াতের মহিলা বিভাগের পক্ষ থেকে একটি প্রস্তাবিত তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া হয়। গত ১৪ এপ্রিল অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় ওই তালিকা নিয়ে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত করা হয়।

চূড়ান্ত তালিকায় জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকাসহ সাতজনের নাম নিশ্চিত হয়েছে। অন্যদের মধ্যে রয়েছেন—সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, সিলেট অঞ্চলের মাহফুজা সিদ্দিকা, চট্টগ্রাম অঞ্চলের মেরিনা সুলতানা, বগুড়া অঞ্চলের সাজেদা সামাদ এবং ঢাকা অঞ্চল থেকে মারদিয়া মমতাজ। গ্রিন সিগন্যাল পাওয়া এক প্রার্থী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিকে নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে এবং আগামী সোমবার, অর্থাৎ নির্ধারিত সময়সীমার আগের দিন ২০ এপ্রিল এসব ফরম জমা দেওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, সংসদ সদস্যদের আনুপাতিক হারে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য মোট ১৩টি সংরক্ষিত আসন পেতে পারে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি আসন পাওয়ার কথা থাকলেও জোটের সমন্বয়ের কারণে জামায়াত তাদের কোটার একটি অতিরিক্ত আসন এনসিপিকে ছাড় দিতে পারে।

এছাড়া অন্য শরিকদেরও দু-একটি আসন দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। এনসিপির দুটি আসন প্রায় চূড়ান্ত হলেও অন্য শরিকদের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; আজকের মধ্যেই তা নির্ধারিত হতে পারে।

জানা গেছে, জামায়াত তাদের কোটায় দলীয় নেতৃত্বের বাইরেও বিশেষ বিবেচনায় কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে প্রার্থী করার চিন্তাভাবনা করছে।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে। সবার নাম প্রকাশ না করা হলেও সংশ্লিষ্টদের কাগজপত্র প্রস্তুতের জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে এবং ২০ এপ্রিল জমা দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মহিলা বিভাগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন মহানগর ও বিভাগীয় পর্যায়ের নেত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন