একদিকে শোক, অন্যদিকে সিরিজ জয়ের হাতছানি। এমন আবহেই আজ দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় গোটা দেশ আজ শোকস্তব্ধ।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন, কালো আর্মব্যান্ড পরে মাঠে নামা, গান-বাজনা বন্ধ রাখা, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং মিলাদ-মাহফিল আয়োজনের মাধ্যমে শোক প্রকাশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও অংশগ্রহণকারী দলগুলো।
ক্রিকেটাররাও এই শোক প্রকাশে সরব। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও দোয়া চেয়েছেন দুই দলের অনেকেই। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং আর নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে লিটন দাসের দল। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, পাকিস্তানের জন্য ম্যাচটি টিকে থাকার লড়াই। হারলেই সিরিজ হাতছাড়া।
প্রথম ম্যাচেই স্পিনসহায়ক উইকেট দেখা গেছে মিরপুরে। যেখানে ব্যাটসম্যানদের জন্য রান তোলা ছিল কঠিন। এই উইকেট নিয়ে পাকিস্তানের কোচ মাইক হেসন সমালোচনাও করেছেন। তবু দ্বিতীয় ম্যাচেও পিচ বদলের সম্ভাবনা কম। তাই দলীয় একাদশেও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

