২১/০২/২০২৬, ১৯:২৯ অপরাহ্ণ
31.5 C
Dhaka
২১/০২/২০২৬, ১৯:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাঁওতালি ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান—ঐতিহ্যবাহী পোশাকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরায় ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। প্রথমবারের মতো সাঁওতাল জনগোষ্ঠীর শিশু-কিশোররা সাঁওতালি ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশন করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

বিজ্ঞাপন

SIL International Bangladesh ও National Agency for Green Revolution (NAGR)-এর যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেয় তাবিথা কিন্ডারগার্টেন স্কুল, আমনুরা মিশন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট এন্ড্রু জুনিয়র স্কুলের শিক্ষার্থীরা এবং আমনুরা মিশন যুব সংঘের সদস্যরা।

সকালে র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে ঐতিহ্যবাহী আদিবাসী পোশাকে সজ্জিত শিক্ষার্থীরা সাঁওতালি ভাষায় একুশের গান পরিবেশন করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে। এসময় উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, সাঁওতালি, বাংলা ও ইংরেজি ভাষায় রিডিং, সাঁওতালি ভাষায় বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে অমর একুশ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু, সুপারভাইজার ইসরাইল হাজরা, এনএজিআর-এর ফাইন্যান্স ম্যানেজার মিনতি মর্ম, মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার সুবাস মার্ডী, আদিবাসী নেত্রী রুমালি কোল, কল্পনা কোল হাঁসদা, পারগানা কর্নেলিস মুর্মুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমনুরা মিশন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ টুডু।

আয়োজকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও নাচোল এবং রাজশাহী জেলার গোদাগাড়ী ও তানোর উপজেলায় সাঁওতাল, মাহালে ও কোল আদিবাসী শিশুদের মাতৃভাষাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এ দুটি সংস্থা।

মাতৃভাষার মর্যাদা রক্ষা ও আদিবাসী ভাষা সংরক্ষণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পড়ুন- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলে জামায়াত ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন