সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার, ২২ এপ্রিল, সকালে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন সংলগ্ন ভাদেরটেক এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আনছর আলী (২৩)। তিনি মানিক মিয়ার ছেলে এবং তার গ্রামের বাড়ি চালবন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে কৃষিকাজ করতে গিয়ে তারা ভুট্টা খেতের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। কিছুক্ষণ পর খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে এলাকাবাসী ভিড় জমায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, আনছর আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা হত্যার ধারণাকে শক্তিশালী করেছে।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে, নিহত যুবকের এ নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। নিহত যুবকের পরিবার ও প্রতিবেশীদের দাবি,নিহত আনছর আলীর পরিবার এবং প্রতিবেশীরা পুলিশ প্রশাসনের কাছে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন। তারা দাবি করছেন, এই ঘটনা যেন তাদের এলাকার শান্তি নষ্ট না করে এবং হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হয়।
পড়ুন- ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, হাফিজুর রহমান ৩ দিনের রিমান্ডে
দেখুন- মিষ্টিতে ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার, জরিমানা ২ লাখ টাকা


