‘স্বেচ্ছায় যারা রক্তদান করেন তারা রক্তদানের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি লাভ করতে পারেন। স্বেচ্ছা রক্তদাতারা আসলে মানবতার ফেরিওয়ালা।’
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। এসময় স্বেচ্ছা রক্তদাতাদের উৎসাহিত করতে তিনি রক্তদাতাদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন।
অনুষ্ঠানে কমপক্ষে ৩ বার, ১০ বার, ২৫ বার এবং ৫০ বার রক্ত দান করেছেন এমন তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানায় কোয়ান্টাম।
অনুষ্ঠানে জানানো হয়, ল্যাব শুরুর পর থেকে এপর্যন্ত ১৭ লক্ষাধিক মানুষকে রক্ত সহায়তা দিতে পেরেছে কোয়ান্টাম। এর মধ্যে ৪ লক্ষাধিক গ্রহীতাই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. আশিক মোসাদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম রেজাউল হাসান।
এসময় নিয়মিত রক্তদাতাদের মধ্য থেকে আবেগময় অনুভূতি প্রকাশ করেন ৫০ বারের রক্তদাতা নুরুল মুক্তাদির বাপ্পী ও ২৬ বার রক্তদানকারী ওয়াসিম মো: আদনানুল হক। এছাড়াও অনুভূতি ব্যক্ত করেন থ্যালাসেমিয়ায় আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা সুমাইয়া আক্তার সিমি ও জুমান আল সাদ।
অনুষ্ঠানে কোয়ান্টাম ল্যাবের পক্ষ থেকে সকল স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। কৃতজ্ঞতার পাশাপাশি দেশে রক্তচাহিদা পুরোপুরি মেটাতে তরুণ স্বেচ্ছা রক্তদাতাদের মানবিক এ সেবায় এগিয়ে আসার আহ্বান জানান আলোচকরা।
পড়ুন- পরীক্ষা শান্তিপূর্ণ হয়েছে, প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
দেখুন- না হারার মাধ্যমেই ইরান জিতে যাচ্ছে, এডিটিভিকে মেহদী হাসান |


