হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ মাদকবিরোধী পৃথক অভিযানে একজন আসামিসহ প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাই পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে ১১৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপসহ একজনকে আটক করা হয়। এছাড়া পৃথক অভিযানে ১৩১ কেজি ভারতীয় ফুচকা ও ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিজিবির তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির তেলিয়াপাড়া বিওপির একটি বিশেষ টহলদল তেলিয়াপাড়া এলাকার ১৬ নম্বর চা-বাগান নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। পরে সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে ১১৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপসহ শুভ পাইনকা (১৯) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তি তেলিয়াপাড়া গ্রামের ননি দাশ পাইনকার ছেলে।
এদিকে একই দিনে সিন্দুরখান বিওপির টহলদল লালটিলা এলাকায় অভিযান চালিয়ে জঙ্গলে লুকানো অবস্থায় ১৩১ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করে। এছাড়া সাতছড়ি বিওপির টহলদল সাতছড়ি এলাকার বাজারটিলা নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত অন্যান্য পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি চোরাচালানী ও মাদক ব্যবসায়ী চক্রকে শনাক্ত ও আটক করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বিজিবির ধারাবাহিক অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানের কারণে যে আতঙ্ক বিরাজ করছিল, বিজিবির কঠোর অভিযানে তা অনেকটাই কমে এসেছে। তারা মাদকমুক্ত সীমান্ত গড়তে বিজিবির কার্যক্রমকে স্বাগত জানান।
বিজিবি সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
পড়ুন- মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
দেখুন- ইরানের নেতৃত্বেই হরমুজ প্রণালীতে চলছে যুক্তরাষ্ট্রের অবরোধ?


