গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকা এবং যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে দিনের শুরুতেই প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ১০৫ দশমিক ৬৩ ডলারে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বিক্রি হচ্ছে ৯৬ দশমিক ৭৩ ডলারে।
জ্বালানি বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবারের তুলনায় বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৩ দশমিক ৬২ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৪ দশমিক ০৬ শতাংশ। গড় হিসেবে উভয় ধরনের তেলের দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ।
প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
গত ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করলে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। বর্তমানে প্রণালিটি নিয়ন্ত্রণ করছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরান জানিয়েছে, যুদ্ধকালীন সময়ে কোনো জাহাজ এই প্রণালি অতিক্রম করতে চাইলে সংশ্লিষ্ট ক্যাপ্টেনকে আইআরজিসির অনুমতি নিতে হবে।
এদিকে, টানা ৪০ দিন সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে ১২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ও ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ জারির ঘোষণা দেন, যা এখনো বহাল রয়েছে।
হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি পদক্ষেপে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিতিশীলতা আরও বেড়েছে।
পড়ুন: বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১১ পয়সা
আর/


