রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর আজ রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন। এরপর তিনি সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। শারীরিক অসুস্থতার কারণে শিগগিরই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে শনিবার (২৫ জুলাই) একটি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
মো. সাহাবুদ্দিন জানান, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংককে যেতে পারেন। জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ। তাই চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়েই বিদেশে যাবেন।
এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পরে সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে স্পিকার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন। অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করে মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই দায়িত্ব ছাড়েন তিনি।
আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। পাঁচ বছরের মেয়াদ অনুযায়ী তার দায়িত্ব ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা থাকলেও প্রায় ২১ মাস আগেই তিনি বঙ্গভবন ছাড়ছেন।
সাবেক রাষ্ট্রপতি জানান, বঙ্গভবন ত্যাগের প্রস্তুতি হিসেবে কয়েক দিন ধরেই তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসায় সরিয়ে নেওয়া হচ্ছিল। বাসভবনের পরিচ্ছন্নতা ও সংস্কারকাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচন
শনিবার বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, নতুন রাষ্ট্রপতি বিএনপির দলীয় প্রার্থী হবেন নাকি বাইরের কেউ—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে। সংবিধান ও প্রয়োজনীয় আইন অনুসরণ করে স্থায়ী কমিটির আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
একই দিন রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আগামী ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন বসবে। তার আশা, পরবর্তী অধিবেশনেই বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হবে। তাই বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজন নেই বলে জানান তিনি।
স্পিকারের ওপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব
রাষ্ট্রপতির পদ শূন্য না থাকায় সংবিধান অনুযায়ী মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পরই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতির সব সাংবিধানিক দায়িত্ব ও আনুষ্ঠানিকতা তিনি পালন করবেন।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ত্যাগ করার পর থেকেই হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে অফিস করবেন। তবে বাসভবন হিসেবে তিনি সংসদ ভবন এলাকার স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন।
বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন এবং বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠকসহ রাষ্ট্রীয় বিভিন্ন আনুষ্ঠানিকতা বঙ্গভবন থেকেই পরিচালিত হয়। তাই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রমও সেখান থেকেই পরিচালিত হবে।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আজ রোববার বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন হাফিজ উদ্দিন আহমদ। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বিএনপির প্রয়াত চেয়ারম্যান খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
পড়ুন: নিউইয়র্ক টাইমসের রিপোর্ট: ইরানে মার্কিন হামলা বন্ধের পেছনে ইন্টারসেপ্টর সংকট
আর/


