চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ‘গ্রুপিং রাজনীতি’ দীর্ঘদিনের। দিন দিন দলীয় গ্রুপিং আরও চরম আকার ধারণ করছে। এবার ৫ আগস্টের কর্মসূচি ঘিরে ‘গ্রুপিং রাজনীতি’ আবারও প্রকাশ্যে এসেছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে তিন নেতার মধ্যে যে দলীয় গ্রুপিং ছিল তা আবারও চাঙ্গা হয়ে উঠেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের মধ্যে যে ঐক্য ও সম্প্রীতির পরিবেশ হওয়ার কথা ছিল। বাস্তবে সম্প্রতির পরিবর্তে দ্বন্দ্ব, গ্রুপিং শুরু হয়েছে। এতে সংঘাতের আশঙ্কাও প্রবল হচ্ছে। শুধু জেলা সদর নয়, ৫ উপজেলার চিত্র প্রায়ই একই। সবখানে পৃথক কর্মসূচি পালন হচ্ছে।
৫ আগস্ট যৌথভাবে পালনের জন্য বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে নির্দেশনা দেওয়া সত্ত্বেও চাঁপাইনবাবগঞ্জ বিএনপি কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে পৃথক কর্মসূচি পালন করছে।
৫ আগস্ট বিকেলে শহরের মীরের খৈলানে জনসভা করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ সমর্থিতরা । সেখানে প্রধান অতিথি ছিলেন হারুনুর রশিদ।
এদিকে আগামীকাল (৬ আগস্ট) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া এবং জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম চাইনিজ পৃথক কর্মসূচি ঘোষণা করেছেন। তিন নেতার পৃথক কর্মসূচি ঘোষণা এবং পৃথক প্রস্তুতির বিষয়টি প্রকাশ্যে আসার পর চাঁপাইনবাবগঞ্জের গ্রুপিং রাজনীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ৬ আগস্ট বিকেল ৪টায় নিমতলা ফকিরপাড়া ঈদগাহর সামনে থেকে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করার ঘোষণা রয়েছে। এতে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গসংঠনের নেতাকর্মীদের নিয়ে কয়েক দফা প্রস্তুতি সভা হয়।
অপরদিকে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামের অনুসারীরাও একইদিন পৃথক কর্মসূচি ঘোষণা করে একটি প্রস্তুতি সভার আয়োজন করে। রফিকুল ইসলামের অনুসারীরা নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে একত্রিত হয়ে শোভাযাত্রা করবেন। তার সঙ্গে আছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস জানান, ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এ আনন্দঘন দিনটি উদযাপন উপলক্ষে নিয়মানুযায়ী জেলা বিএনপির সদস্য সচিব সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। যাতে আনন্দ শোভাযাত্রায় সবাই অংশগ্রহণ করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হয়। এখানে কারা আসবে, কারা আসবে না -তা আমরা জানি না। তাছাড়া কে কোথায় কিভাবে দিনটি উদযাপন করছে তাও জানি না। চাঁপাইনবাবগঞ্জের বিএনপির নেতাকর্মীরা নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকেই আনন্দ শোভাযাত্রা বের করবে। জেলা বিএনপির সদস্য সচিব ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক ঐক্যবদ্ধভাবে কর্মসূচির আহ্বান জানিয়েছে যারা আসবেনা শৃঙ্খলা ভঙ্গের দায় তাদের।
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের দিন ঐতিহাসিক ৫ আগস্ট উদযাপন উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করবে বিএনপি। জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামের পক্ষ থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সেখানে উপস্থিত হয়ে দিনটি উদযাপন করবো। তিনি আরো বলেন, আমার জানা মতে কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে সবাইকে নিয়ে যৌথভাবে আনন্দ শোভাযাত্রা বের করার। পৃথকভাবে কর্মসূচি পালনের বিষয়টি আমার জানা নেই।
পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে নিউমোনিয়া-ডেঙ্গুতে আক্রান্ত শিশুর সংখ্যা


