বাংলাদেশ গঠনে প্রতিটি ক্ষেত্রে নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নারীরা যোগ্যতা, কমিটমেন্ট ও আন্তরিকতার দিক থেকে এগিয়ে। তাই আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল শক্তি।
শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে থেকে জুলাই কন্যাদের সামনে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, জাতীয় পর্যায়ের বড় বড় অনুষ্ঠানে তাদের যথাযথ জায়গা দেয়া হয় না।
প্রতিটি আন্দোলনের পেছনে মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নারী যোদ্ধাদের সংখ্যা কম হলেও তাদের অবদান অবিস্মরণীয়। আমরা এখনো দেখি শহীদদের মা জাতীয় সঙ্গীত শুনতে শুনতে অশ্রুসিক্ত হন।
‘৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত নারীরা সামনের সারিতে ছিলেন। কিন্তু স্বাধীনতার পর বা আন্দোলন শেষে নারীদের স্থান প্রান্তিক পর্যায়ে সীমাবদ্ধ করে দেয়ার প্রবণতা ছিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’, যোগ করেন ফরিদা আখতার।
দেশের ৫১ শতাংশ নারীকে আর পেছনে রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন, অধিকার কেউ দিয়ে যায় না, তা আদায় করে নিতে হয়। জুলাই কন্যা ফাউন্ডেশনের মূল কাজ হওয়া উচিত—যেখানেই থাকুক, নারীদের অগ্রযাত্রা নিশ্চিত করা।
অনুষ্ঠানে নির্বাচিত ১০০ নারীর হাতে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পাশাপাশি তাদের জীবন ও কর্মভিত্তিক সাফল্যের গল্প তুলে ধরা হয়, যাতে অন্য নারীরা অনুপ্রাণিত হতে পারেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

