প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের প্রথম দিনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
এছাড়া দু’দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট তিনটি ‘নোট বিনিময়’ হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর তাদের উপস্থিতিতে এসব সমঝোতা হয়।

যেসব বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে, তার মধ্যে রয়েছে- প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন (এফবিসিসিআই ও এনসিসিআইএম), বিএমসিসিআই ও মালয়েশীয় প্রতিষ্ঠান এমআইএমওএসের মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (আইএসআইএস) মধ্যে সহযোগিতা সংক্রান্ত।

মঙ্গলবার কুয়ালালামপুরের পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক ও সমঝোতা হয়। এর আগে স্থানীয় সময় সকাল ৯টায় অধ্যাপক ইউনূস সেখানে পৌঁছালে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম। সেখানে অধ্যাপক ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৫০মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার বিকালে একটি ব্যবসায় ফোরামে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
পড়ুন: ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহীমের দ্বিপক্ষীয় বৈঠক
এস/


